রাজশাহী ব্যাটালিয়ন
১। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রেমতলী, শাহাপুর এবং খরচাকা বিওপি’র বিশেষ টহলদল ০৩ (তিন) টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। এসব অভিযান পরিচালনার মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। মাদক, চোরাচালান ও মানব পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।
২। অদ্য ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০২২০ ঘটিকায় রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল রাজশাহী জেলার গোড়াগাড়ী থানাধীন হরিণবিষকা নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে পদ্মা নদীর পাড়ে বালুর মাঠের ভিতর সুকৌশলে ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, একজন মাদক ব্যবসায়ী ভারত থেকে শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। বিজিবি‘র আভিযানিক দলের আয়েত্ত্বে আসার পর বিজিবি কর্তৃক মাদক ব্যবসায়ীকে ধরার জন্য ধাওয়া করলে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগটি ফেলে ঘন কুয়াশার মধ্যে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল উক্ত প্লাস্টিকের ব্যাগ হতে ভারতীয় মদ-৫১ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ গোড়াগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।
৩। অদ্য ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খরচাকা বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দামকুড়া থানাধীন গহমাবোনা নামক এলাকায় দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য গহমাবোনা নামক এলাকার পদ্মা নদীর চরে মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, মাদক ব্যবসায়ী ভারতের সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। মাদক ব্যবসায়ী বিজিবি’র আভিযানিক দলের কাছাকাছি আসার পর বিজিবি কর্তৃক ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা প্লাষ্টিকের বস্তা ও মোবাইল ফোন ফেলে ঘন কুয়াশার মধ্যে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি আভিযানিক দল কর্তৃক উক্ত বস্তা হতে ভারতীয় মদ-৫০ বোতল, পুরাতন বাটন মোবাইল-০১টি, রবি সিম কার্ড-০১টি এবং গ্রামীন সিম কার্ড-০১টি (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল এবং সিম কার্ড দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৪। অদ্য ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৫১৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর বিওপি’র আভিযানিক দল নিয়মিত চোরাচালান প্রতিরোধ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন মধ্যপাড়া নামক এলাকার মাঠের মধ্যে দিয়ে মাদক পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থলে দিকে অগ্রসর হলে মধ্যপাড়া নামক এলাকার একটি আম বাগানের নিকটে গেলে উক্ত চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থল হতে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট-১৪০ পিস, ফলিক এসিড বিপি-০২ পাতা, ডাপাজিফ্লজিন ট্যাবলেট-০২ পাতা, রিনারভি প্লাস ট্যাবলেট-৩৮ পিস, কিটোএড ট্যাবলেট-৭৭ পিস, নিফরোসেভ ট্যাবলেট-০৮ পাতা, এরিস্টোজমি সিরাপ-০২ বোতল এবং পেন ডি ট্যাবলেট-৪৪ পিস (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
৫। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদকমুক্ত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
