আলো ডেস্ক: দু-একটি বিচ্ছন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এমন ভোটগ্রহণ বাংলাদেশ আর কখনো দেখেনি, এমনকি স্মরণকালে গণতান্ত্রিক বিশ্বের উন্নত-অনুন্নত অধিকাংশ দেশেও এমন উদাহরণ নেই। কিছু উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা গণভোটের ভোটগ্রহণ হয় সারা দেশে। রূপান্তরের এই দিনে সারা দেশে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম দেখা গেলেও যেমন বড় ধরনের রক্তাক্ত সহিংসতা হয়নি, তেমনি নেই প্রাণহানি, হানাহানির খবর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘœ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের মাঠ থেকে বাংলাদেশ একটি বার্তা পেয়ে গেল, ৪ কোটি তরুণ ভোটারই শুধু নন, সব বয়সি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না; যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল। সংশ্লিষ্টরা জানান, এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর ৩৬ দিনে সারা দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকা-ের শিকার হন। তবে নির্বাচনের দিনটি রক্তপাতহীন এক নজিরবিহীন ঘটনার জন্ম দিল বাংলাদেশের জন্য। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণের কথা থাকলেও দেশের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটাদের ছিল দীর্ঘ লাইন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিরা এ খবর জানান। কোথাও কোথাও নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও কোথাও কোথাও বাড়তে থাকে। তবে দেশের অন্যান্য জেলার তুলনায় গোপালগঞ্জে ভোটার উপস্থিতি ছিল কম। এছাড়া, গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়। এতে এক শিশু ও দুই আনসার সদস্যহ আহত হন। এ ঘটনায় ভোটকেন্দ্রের মূল ফটক আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে, মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দির একটি ভোটকেন্দ্রের বাইরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে সেখানে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সেখানে ভোট গ্রহণ চলে। এছাড়া, কুমিল্লায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে, নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। অন্যদিকে, খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির পর মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তাকে ধাক্কা দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। এছাড়া, যাত্রাবাড়ী, খুলনা, মুন্সীগঞ্জ, গাইবান্ধায় ভোট দিতে গিয়ে ১ জন করে অসুস্থ হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল উপজেলায় দায়িত্বরত অবস্থায় এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। তার নাম মো. মুজাহিদুল ইসলাম। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক। সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, মো. মুজাহিদুল ইসলাম সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) বলছে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোটার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বেলা একটায় প্রেস ব্রিফিংয়ে তিনি ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোটের এ হিসাব দেন। তিনি জানান সারাদেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি। স্বস্তির বিষয় হলো, কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করতে হয়নি। কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতিও নেই, বলেছেন তিনি। এবার শেরপুর-১ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে এবারের নির্বাচন ৩০০ আসনের পরিবর্তে ২৯৯টি আসনে অনুষ্ঠিত হলো। এতে ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন। দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।
