ইফতেখার আলম বিশাল
জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সমাবর্তনের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানের শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে গত এক দশকের ধারাবাহিকতায় এবারও এ আয়োজন করে প্রতিষ্ঠানটি।
সমাবর্তনে বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে ক্যামব্রিজ ও পিয়ারসন-এডেক্সেল চেকপয়েন্ট পরীক্ষায় কান্ট্রি হায়েস্ট এবং আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এছাড়া একাডেমিক সাফল্যের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নিয়মিত উপস্থিতি, স্কাউটিং, নেতৃত্বগুণ ও সার্বিক পারফরম্যান্সে সেরা শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় ‘প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড’।
সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড (প্রেস অ্যান্ড পাবলিকেশন) সারোয়াত রেজা এবং রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) আব্দুল আল মামুন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা, ক্যামব্রিজ ইউনিভার্সিটির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার নাকিব হায়দার ও বদরুদ্দোজা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল ইশতিয়াক মিলন পল।
সমাবর্তন শেষে নৃত্য, সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
