স্টাফ রিপোর্টার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর অধীনে ৭১ জন গবেষকের গবেষণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে রোববার (২৮ জুন) রুয়েটের সিএসই ভবনের সেমিনার রুমে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। মানসম্মত গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তির উন্নয়ন এবং দেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর অবদান রাখা সম্ভব। প্রকৌশল শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণার কোনো বিকল্প নেই।
গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন, অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
বক্তারা গবেষণার মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন, উদ্ভাবনী প্রযুক্তি উন্নয়ন এবং বাস্তব সমস্যার সমাধানে গবেষকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন। পরে গবেষকরা তাদের সম্পন্ন হওয়া গবেষণার ফলাফল, অভিজ্ঞতা ও সম্ভাব্য প্রয়োগ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা সম্পন্নকারী ৭১ জন গবেষকের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সংস্কৃতি আরও শক্তিশালী করবে এবং জাতীয় উন্নয়নে কার্যকর অবদান রাখতে গবেষকদের উৎসাহিত করবে।
