রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে একজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টায় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে আরেকজন রোগী মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৭ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪০ জন।
বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের নয়জন, নাটোরের চারজন, নওগাঁর পাঁচজন, পাবনার ছয়জন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি পাঁচজনের।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনজন রোগী।
এদিকে শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।
এই দিনে রামেক ল্যাবে ১৭৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে জয়পুরহাটের একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২ শতাংশ।
