আলো ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে ইটের গুঁড়া ও ক্ষতিকারক রং মিশিয়ে মসলা তৈরির অভিযোগ চার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভ‚মি) জুলহাস হোসেন সৌরভ। আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় হলুদের গুঁড়ার মধ্যে নিম্নমানের চাল, মরিচের সঙ্গে ক্ষতিকারক রঙ ও ইটের গুঁড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরি করা হয়। এ সময় চারটি কারখানা থেকে দুই হাজার কেজি হলুদের গুঁড়া, ৫০০ কেজি মরিচের গুঁড়া ও ২০ বস্তা পচা মরিচ জব্দ করা হয়।
পরে ওই চারটি কারখানা সিলগালা করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুলহাস হোসেন সৌরভ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
