নিজস্ব প্রতিবেদক
আগামী নভেম্বর মাসের ১১ তারিখ দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি চেয়ারম্যান, সংরক্ষিত এবং সাধারণ আসনের সদস্যরা মনোনয়নপত্র জমা দেন। চলতি মাসের ১৭ তারিখ রোববার মনোনয়ন জমাদানের শেষ তারিখ। সেদিনই জানা যাবে এর সঠিক হিসাব।
গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মসিউর রহমান বলেন, বৃহস্পতিবার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্র্থী রয়েছেন ৬ জন এবং অবশিষ্ঠ ১৬ জন সতন্ত্র প্রার্থী। সরকার দলীয়রা হলেন, গোদাগাড়ী ইউপিতে সাবেক চেয়ারম্যান মাসিদুল গণি মাসুদ, মোহনপুর ইউপি-তে সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, রিশিকুল ইউপিতে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, গোগ্রাম ইউপিতে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মজিবর হোসেন, মাটিকাটা ইউপিতে বর্তমান চেয়ারম্যান শহিদুল করিম শিবলী ও দেওপাড়া ইউপিতে বেলাল উদ্দিন সোহেল।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত গোদাগাড়ী ইউপিতে সাবেক চেয়ারম্যান মাসিদুল গণি, পাকড়ী ইউপিতে বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন ও চর-আষাড়িয়াদহ ইউপিতে শহীদুল্লাহ আগামী রোববার জমা দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এছাড়াও সংরক্ষিত নারী আসনে ৫৮জন এবং সাধারণ সদস্য আসনে মোট ১০৫ জন মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চত করেন নির্বাচন অফিসার।
প্রার্থীদের উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মনোনয়পত্র জমা দিতে দেখা যায়। র্যালি কিংবা বেশী জনগণ নিয়ে মনোনয়নপত্র জমাদানে নির্বাচন কমিশন থেকে নিষেধাজ্ঞা থাকলেও জনগণ তা না মেনে পছন্দের প্রার্থীর সঙ্গে চলে আসেন মনোনয়নপত্র জমা দিতে। এসময়ে তারা স্ব স্ব প্রার্থীর পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তবে মনোনয়ন জমা দেয়ার সময় প্রার্থীরা নির্দেশনা মেনে অফিসে প্রবেশ করেন।
মনোনয়ন জমা দেয়ার সময় সরকার দলীয় প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র ওয়েজ উদ্দিন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানাসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
