আলো ডেস্ক: নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে আর সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ষড়যন্ত্রের কায়দা কানুন করে কোনো লাভ হবে না, দেশের মানুষ তাদের (বিএনপি) চিহ্নিত করে ফেলেছে, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। বিদেশিদের কাছে ধরনা দিয়েও কোনো কাজ হবে না। কয়েকদিনের মধ্যেই বিএনপি বুঝতে পারবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শনিবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়নের নটাখোলা পুলিশের তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সারা বাংলাদেশের খবর জানি, তারা আর অন্ধকারে নিমজ্জিত হতে চাচ্ছে না। দেশের মানুষ জানেন যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, দেশ এগিয়ে যাবে।
তিনি বলেন, বাঙালি জাঁতি সব সময় সঠিক কাজটি সঠিক সময়ে করে, তারা আলোকিত বাঙালি। কোন জায়গা থেকে বাংলাদেশ আজ কোথায় এসেছে এটা দেশের জনগণ ভালো করেই জানেন।
চরাঞ্চলে পুলিশের তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আবদুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলার পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
