আলো ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানকে সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় গত বুধবার রাত দুইটা ৩৫ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। মো. শাহজাহানের সঙ্গে থাকা সাবেক ছাত্রদল নেতা আমজাদ চৌধুরী শাহাদাত এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২০ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান মো. শাহজাহান। ২৩ অক্টোবর তিনি ওমরাহ পালন করেন। আগামী দুই নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল। শাহাদাত আরও জানান, গতরাতে (গত বুধবার) হঠাৎ অসুস্থ হলে উনাকে (শাহজাহান) হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা আইসিইউতে ভর্তি করেন। তার ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। নোয়াখালী গুডহিল হাসপাতালের মালিক ডা. আবদুল হাই ও মো. শাহজাহানের বড় মেয়ে ডা. মৌসুমি হাসপাতালে রয়েছেন বলেও জানান শাহাদাত। এদিকে, শাহজাহানের একান্ত সচিব রতন জানিয়েছেন, গত বুধবার রাতে একই সময়ে তার (শাহজাহান) বড় ছেলে গলব্লাডারের জটিলতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। মো. শাহজাহানের দ্রুত আরোগ্য কামনায় পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
