আলো ডেস্ক: কুমিল্লার ঘটনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে উত্তম মজুমদার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গত বুধবার রাতে খুলনা মহানগরীর লবনচরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তম মজুমদার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার অশোক নগরের অমল মজুমদারের ছেলে। র্যাব-৬ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উত্তম মজুমদার তার নিজের ফেসবুক আইডি থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিলেন। তিনি ওই পেজের অ্যাডমিন। পেজটি থেকে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা তথ্য প্রচার এবং উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছিল এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সহিংসতা বিস্তার করার অপতৎপরতা চলছিল। ওই ফেসবুক পেজে পার্শ্ববর্তী দেশের ঘটে যাওয়া বিভিন্ন নৃশংস ঘটনার ভিডিও আপলোড করে জনমনে ভয়ভীতি তৈরিসহ উসকানি দেওয়া হচ্ছিল। অভিযুক্ত উত্তম মজুমদার প্রতিটি পোস্ট হ্যাশট্যাগ করে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রাথমিকভাবে উত্তম মজুমদারের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে খুলনার লবনচরা থানায় হস্তান্তর করা হয়। লবনচরা থানার ওসি কর্মকর্তা সমীর কুমার সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।
