আলো ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকায় ১৮০ জনের খামার ও ভূমি দখলের অভিযোগ উঠেছে। জমি-খামার ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভূমি মালিকদের ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ১১ সেপ্টেম্বর মালিকদের অস্ত্রের মুখে জিম্মি করে এক হাজার ৩২০ বিঘা জমি দখল করেছে সন্ত্রাসীরা। একই সঙ্গে খামারের মাছ লুট এবং ঘেরে থাকা বাড়ি ভাঙচুর করা হয়। বিষয়টি তাৎক্ষনিকভাবে দেবহাটা থানায় জানানো হলেও এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি তারা। থানায় মামলা করতে গেলে কর্তৃপক্ষ কোনো মামলা নেয়নি বলে অভিযোগ এসব জমির মালিকদের। বক্তারা আরও বলেন, আমরা ওই অঞ্চলের সাধারণ জনগণ। অত্যন্ত ভীতিকর পরিস্থিতির মধ্যে বসবাস করছি। প্রাণ সংশয়ের ভয় করছি। সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ভূমি জবরদখল করলেও পুলিশ প্রশাসন নীরব থেকেছে। এসময় ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে জমি ফেরত পাওয়ার বিষয়ে সহযোগিতার আবেদন জানান। তারা বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক জমির মালিকদের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছেন। ভূমি দস্যুদের জমি থেকে চলে যেতে বললেও তারা কর্ণপাত করেনি।
