আলো ডেস্ক: সিরাজগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় যুবদলের ১৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর থানার এসআই শাহ আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসমি করে মামলাটি করেন। মামলায় জেলা যুবদল সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম আছে।
গতকাল বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও দুজন পুলিশকে আহত করার ঘটনায় এ মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গত বুধবার দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ইবি রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে একজন উপ-পরিদর্শকসহ দুজন পুলিশ ও যুবদলের ১৫ নেতাকর্মী আহত হন।
