আলো ডেস্ক এক্সক্লুসিভ: ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার আজিজুল হকের দুই ছেলে ফিরোজ মিয়া (৩২) ও জিহাদ আহমেদ (২৫)। এদের মধ্যে জিহাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বিসিএস পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় ভাইয়ের বাসায় গিয়েছিলেন। আর ফিরোজ মিয়া গাজীপুরের নয়নপুরে চাকরি করতেন।
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালের দিকে গাজীপুর থেকে মোটরসাইকেলযোগে জামালপুরের নিজ বাড়িতে ফিরছিলেন দুই ভাই ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। পথিমধ্যে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় আসতেই পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান।
এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। তিনি আরও বলেন, কাভার্ডভ্যান জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
