ছবি সংগৃহীত
আলো ডেস্ক
পাবনায় ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চামেলী বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ ৬ জন আহত হয়েছেন।
রোববার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভাঙ্গুড়ার টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক সড়কের রাঙ্গালিয়া গ্যাস পাম্পের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত চামেলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। আর আহতরা হলেন- নাছিমা খাতুন (৫০), জিলহক (৪২), তাওহীদা খাতুন (৯), নুরজাহান জাহান (৫২), খাইরুল ইসলাম (৩২) ও অটোরিকশা চালক আব্দুল জলিল (৪৫)। আহতদের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহর, আটঘরিয়া ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর দুইটার দিকে টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক সড়কের উপজেলার রাঙ্গালিয়া গ্যাস পাম্পের সামনে বাঘাবাড়ী থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার আরোহী চামেলী বেগম নামে নারী নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
