এফএনএস স্পোর্টস : ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার। এবারের আসরে ৫২টি মিডিয়া হাউজ অংশ নিচ্ছে।
মঙ্গলবার দুপুরে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় টুর্নামেন্টের জার্সি উন্মোচন এবং ড্রও অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী বলেছেন, ‘ওয়ালটন সব সময়ই অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণভাবে ডিআরইউর পাশে থাকে।
আমরা যদি তাদের উৎসাহিত না করি, তাহলে কেন তারা এখানে আমাদের সঙ্গে থাকবে?’ ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
তিনি তার বক্তব্যে বলেছেন, ‘ওয়ালটন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট কাল (আজ) শুরু হচ্ছে। সাধারণত এখানে যারা উপস্থিত আছেন, তারা অনেকেই ক্রিকেটের নিউজ করেন। এখন আমরা দেখবো, তারাই ক্রিকেট খেলছেন। আপনাদের ক্রিকেট খেলার নিউজ এখন পত্রিকায় উঠবে, এটা অনেক বড় ব্যাপার।
আমরা আশা করি, অনেক উৎসবমুখর পরিবেশে এটা শেষ হবে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে ৫২টি দল অংশ নিচ্ছে। গ্রুপ পর্ব হবে নকআউট ভিত্তিতে। আট গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে খেলবে। সিক্স-এ সাইড ভিত্তিতে খেলাগুলো হবে পল্টনে অবস্থিত আউটার স্টেডিয়ামে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত দাড়িয়া, ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।
