এফএনএস স্পোর্টস : বড় ধরনের পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে ভারতের ক্রিকেট। হেড কোচ রবি শাস্ত্রীর বদলে আসতে চলেছেন রাহুল দ্রাবিড়।
টি-টোয়েন্টি নেতৃত্বে শাস্ত্রীর প্রিয় শিষ্য কোহলির দিনও ফুরিয়ে এসেছে তার মতো। নিজ থেকে সরে দাঁড়ানোয় আসন্ন সিরিজে কোহলির জায়গায় বসবেন রোহিত শর্মা।
বিদায়কালে শাস্ত্রী মানছেন, কোহলির পর এই দায়িত্বভার নিতে রোহিতের চেয়ে যোগ্য আর কেউ নন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টির নেতৃত্ব রোহিত সামলাবেন। আরও শোনা যাচ্ছে, শুধু এই ফরম্যাটেই নয়, স্থায়ীভাবে আগামী ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে দলেও এই ওপেনারকেই নেতৃত্ব দিতে চায় বিসিসিআই।
আনুষ্ঠানিক ঘোষণা যে কোন সময়ই আসতে পারে। কোহলির পর রোহিত-ই যে নেতৃত্বের যোগ্য, এ নিয়ে শাস্ত্রীও কোনও সংশয় রাখেন না, ‘আমার মনে হয় রোহিত-ই এর যোগ্য ব্যক্তি। আইপিএলে ওর অনেক শিরোপা আছে। এই দলেরও সহ অধিনায়ক সে। তাই দলটির নেতৃত্ব দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে আছে।’
নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি উঠে আসে মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। আলোচনা উঠে তিন ফরম্যাটে দায়িত্ব হয়তো কোহলির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। কোহলি নিজেও স্বীকার করেছেন, ঠাসা ক্রিকেট সূচিতে ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে তার। ভারতীয় ক্রিকেট বোর্ড তাই ফরম্যাট ভিত্তিক নেতৃত্ব বেছে নেওয়ার পক্ষে হেঁটেছে।
তাই কোহলিকে শুধু টেস্টে রেখে রোহিতকে সংক্ষিপ্ত ফরম্যাটে রেখে দেওয়ার পরিকল্পনাকে স্বাগতই জানাচ্ছেন শাস্ত্রী। যার কোচিংয়ের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ‘আমার মনে হয় নেতৃত্ব ভাগ করে দেওয়ার বিষয়টা খারাপ নয়। কারণ আপনাকে এখন ঠাসা ক্রিকেট আর বলয়ে থাকার চাপটা নিতে হচ্ছে। তাই খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলানো উচিত। পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাতে দেওয়া প্রয়োজন।
