আলো ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতে ডিজেল পাচারের চেষ্টার সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে লালমনিরহাট আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন- উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪০) ও একই এলাকার আজির উদ্দিনের ছেলে জাবেদুল ইসলাম (৩৫)।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের রেলওয়ে স্টেশনের পাশে অভিযান চালিয়ে টিনের চালের একটি দোকান থেকে ৪২৬ লিটার ডিজেলসহ দুজনকে গ্রেফতার করা হয়।
ভারতে পাচারের উদ্দেশ্যে তারা ওই স্থানে ডিজেল মজুত করে রেখেছিলেন। এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। লালমনিরহাট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
