আলো ডেস্ক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করবে জাতীয় পার্টি। এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীরা ঈদে মিলাদুন্নবীর (সা.) আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
