আলো ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সিপিসি পলিটব্যুরোর সদস্য ও কংগ্রেসের ডেপুটি লি হংঝং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এর মধ্য দিয়ে দুই দল এবং দুই দেশের সম্পর্কের এক নতুন মাত্রা উন্মোচিত হবে বলে সিপিসি আশাবাদ ব্যক্ত করেছে। গতকাল সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, দুপুর ২টায় চীন সফররত বিএনপির প্রতিনিধিদলটি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পরিদর্শন করে।
শায়রুল কবির খান আরও জানান, চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের শুরুতে লি হংঝং বিএনপির প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
আলোচনাকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ্যায়িত করে এর পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশাবাদ ব্যক্ত করেন।
