ছবি সংগৃহীত
আলো ডেস্ক
গাজীপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কেয়া নীট কম্পোজিট পোশাক কারখানার শ্রমিকেরা আজও বিক্ষোভ করছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল থেকে এ-শিফটের শ্রমিকরা এসে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে। এতে করে ওই সড়কে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, গত ২ বছরের ছুটির টাকা ও ফেব্রুয়ারি মাসের বেতনের টাকা না দিয়ে তালবাহানা করে আসছে মালিক কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি।
আন্দোলনের মুখে গতকাল বিকেলে শুধু কেয়া স্পিনিং মিলের শ্রমিকদের ঈদ বোনাস দেয়া হয়েছে। তারপরও তারা কর্ম বিরতি চালিয়ে যায়। ইফতারের পর স্পিনিং মিলের শ্রমিকদের সঙ্গে কেয়া নিট কম্পোজিট লিমিটেড এবং গার্মেন্টসের শ্রমিকরা এক সঙ্গে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। রাত ১১টা সময় রাস্তা থেকে অবরোধ তুলে নেয়। কিন্তু মূল ফটকে নাইট শিফটের শ্রমিকরা অবস্থান নেয়।
শিল্প পুলিশ গাজীপুর-২ এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, শ্রমিকদের বেতন-ভাতার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি দ্রুত সময়ে সমস্যার সমাধান হবে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, কারখানা শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস আমাদের কাছে পাবেন। তাদের দেয়া হবে এ ঘোষণা দেয়া হয়েছে। গতকাল কিছু সেকশনে বোনাস দেয়া হয়েছে।
