সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে ফিক্সিংয়ের সন্দেহ প্রকাশের দুই দিনের মাথায় দেশ ত্যাগে নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ে। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজয়।
বিজয় জানান, এসব অভিযোগ তার জন্য অত্যন্ত কষ্টদায়ক ও অবিশ্বাস্য। বিজয়ের ভাষায়, “(অভিযোগগুলো) মিথ্যা তো মিথ্যাই, এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। আমি বিব্রত, কষ্ট পাচ্ছি। এত বছর ক্রিকেট খেলছি, বিপিএলে সম্মানের সাথে খেলছি, বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছি। এসব ভিত্তিহীন অভিযোগ শুনতে হলে সত্যিই কষ্ট লাগে।”
রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ৩৯২ রান করা বিজয় মনে করেন, মিডিয়ার দায়িত্বশীলতার অভাবই এমন পরিস্থিতি তৈরি করেছে। “আমি অবাক হচ্ছি যে, একটা মানুষকে হেয় করে মিডিয়া কী মজা পাচ্ছে? পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, স্ত্রী, সন্তান—সবাই এসব দেখে। সত্যতা যাচাই না করে এমন সংবাদ ছড়ানো কি উচিত?”
বিসিবির সাথে যোগাযোগ রাখছেন জানিয়ে তিনি বলেন, আকসু বা বিসিবি যেকোনো খেলোয়াড়ের সাথে কথা বলতে পারে, তবে সেটা প্রমাণিত অপরাধের সমতুল্য নয়। “আমাকে বিসিবি কিছু জানায়নি। আমি নিজেই ফাহিম স্যারের সাথে কথা বলেছি, জানতে চেয়েছি আমার অপরাধ কী? উনি বলেছেন, বিসিবিতে যাচ্ছেন, বিষয়টা দেখবেন।”
দেশ ত্যাগে নিষেধাজ্ঞার খবরও গণমাধ্যমেই জেনেছেন বিজয়। তিনি বলেন, “এটা দেখে আমি অবাক হয়েছি। কেউ আমাকে কিছু জানায়নি। কেন এমন করা হচ্ছে, বুঝতে পারছি না। ষড়যন্ত্র নাকি অন্য কিছু, তাও জানি না।”
তিনি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান। “নেগেটিভ নিউজ সহজেই ছড়ায়, কিন্তু সত্যটা তুলে ধরা কঠিন। আমি অবশ্যই বড় সিদ্ধান্ত নেবো।”
