রাজশাহীতে কোমরের অপারেশন করতে গিয়ে অপচিকিৎসায় রুগীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার (জিপিওর পাশে) মুঞ্জু হাসপাতালে চিকিৎসক-নার্স না থাকায়, অক্সিজেনের অভাবে বেনু বেগম (৭০) নামে অপারেশন করা এক নারী রুগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মৃত: বেনু বেগমের স্বজনরা জানান, কোমরের জয়েন্টে আঘাত পেলে গত ৬ এপ্রিল বেনু বেগমকে রাজশাহীর মুঞ্জু হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তার অপারেশন করেন ডা. হাবিবুল হাসান। কিন্তু অপারেশন পরবর্তী ২৪ ঘণ্টা তাকে কোন পর্যবেক্ষণ কক্ষে না রেখে সরাসরি ওয়ার্ডে দেয়া হয়।
বুধবার(৯ এপ্রিল) সকাল ৮টার দিকে বেনু বেগমের প্রচ- শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় তার জরুরি অক্সিজেন প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে কোন চিকিৎসক, নার্স ছিল না। অক্সিজেন সিলিন্ডারও ছিল না। রুগীর স্বজনরা দায়িত্বশীল কাউকেই পাননি। একসময় শ্বাসকষ্টে ছটফট করতে করতে রুগী বেনু বেগম মারা যান।
মারা যাওয়া বেনু বেগমের বাড়ি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সুজানগর মিতালী ক্লাব এলাকায়। তিনি মৃত: মতিনের মেয়ে এবং মৃত:বশির আহম্মেদের স্ত্রী।
এদিকে অবহেলায় বেনু বেগমের মৃত্যুর ঘটনায় রুগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাঙচুর করার জন্য তৎপর হয়।
এ সময় হাসপাতালের পরিচালক মিঠুন কুমারসহ অন্যান্য স্টাফরা পালিয়ে যান। খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ সদস্য ও স্থানীয় বিএনপি নেতারা। ক্লিনিক মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সমঝোতা করে দেন।
এ বিষয়ে জানতে মুঞ্জু হাসপাতালের পরিচালক মিঠুন কুমারকে একাধিকবার মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি, লাশ নিয়ে স্বজনরা বাড়ি ফিরে গেছে।
