ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ
ইফতেখার আলম বিশাল
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা।
শুক্রবার জুমার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সোনাদিঘীর মোড়, কুমারপাড়া হয়ে জিরোপয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না।
তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান। তারা আরও বলেন, গণহত্যার দোসরদের পণ্য বাংলাদেশে আনা যাবে না।
তাদের নামে চলা ব্যবসা অবিলম্বে বাংলাদেশে বন্ধ করতে হবে। সেই সঙ্গে মানুষকেও এই পণ্য কেনা থেকে দূরে থাকতে হবে। গণহত্যা বন্ধে এখনই জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নিতে হবে।
