আলো ডেস্ক:
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৮ মে শুরু হবে।
গতকাল রোববার পিএসসির জনসংযোগ দপ্তরের কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে আগামী ২৭ জুন এই পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করে পিএসসি। চাকরিপ্রার্থীদের দাবির মুখে সেই তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয় পিএসসি। গত ১০ এপ্রিল আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আগস্টের প্রথম দিকে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানানো হয়। এর ধারাবাহিকতায় গতকাল রোববার নতুন তারিখ ঘোষণা করা হলো।
২০২৪ সালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার কথা। এই বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।
বর্তমানে চারটি বিসিএস পরীক্ষার জট লেগেছে। এর মধ্যে কোনো কোনো বিসিএসের কার্যক্রম চলছে সাড়ে তিন বছর ধরে। এগুলোর মধ্যে ৪৪ তম, ৪৫তম ও ৪৬তম বিসিএসের প্রক্রিয়া শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে।
সর্বশেষ গত নভেম্বরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বিদ্যমান চারটি বিসিএসের জট শেষ করে পরবর্তী সময়ে একেকটি বিসিএস এক বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে বর্তমান পিএসসি কর্তৃপক্ষ। পাশাপাশি বিসিএস পরীক্ষার বিদ্যমান পাঠ্যসূচিতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।
