স্পোর্টশ ডেস্ক
দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেই নেতৃত্বের গুরুদায়িত্ব পেলেন রোস্টন চেইস। প্রায় দুই বছর লাল বলের ক্রিকেটে না খেলা এই স্পিন অলরাউন্ডারকেই ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (CWI)।
গেল মার্চে হঠাৎ করেই টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে বড় পরিবর্তন আনে ক্যারিবিয়ান বোর্ড। টি-টোয়েন্টি থেকে রভম্যান পাওয়েলকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় শাই হোপকে, যিনি এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণেই দলকে নেতৃত্ব দেবেন। আর টেস্ট ফরম্যাটে ব্র্যাথওয়েটের স্থলাভিষিক্ত হয়েছেন রোস্টন চেইস, যিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচের পর টানা ১৩টি টেস্ট দলের বাইরে ছিলেন তিনি।
চেইস যদিও আগে একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন, কিন্তু টেস্ট দলে এটি তার প্রথমবারের মতো নেতৃত্বের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান।
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ হিসেবে আগামী ২৫ জুন থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেজন্য নেতৃত্ব বাছাইয়ে মনস্তাত্ত্বিক পরীক্ষা, আচরণমূলক মূল্যায়নসহ নানা দিক বিবেচনায় ছয়জনের তালিকা থেকে চেইসকেই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফসেঞ্চুরিতে ২,২৬৫ রান করার পাশাপাশি বল হাতে ৮৫টি উইকেট নিয়েছেন চেইস। তার ৫০তম টেস্ট ম্যাচই হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে তার অভিষেক।
অন্যদিকে, অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন জন ক্যাম্পবেল, টেভিন ইমল্যাচ, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস এবং ওয়ারিকানও। তবে তাদের পেছনে ফেলে শেষ পর্যন্ত দায়িত্ব পেলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
ক্রেইগ ব্র্যাথওয়েটের অধিনায়কত্বে ৩৯টি টেস্টে মাত্র ১০ জয় পেয়েছিল ক্যারিবীয়রা, ২২টিতে হার এবং ৭টি ড্র ছিল তাদের প্রাপ্তি। নতুন নেতৃত্বে এবার কেমন ফল আসে, সেটিই এখন দেখার বিষয়।
