আলো ডেস্ক: মাত্র দুই বছর জেল খাটার ভয়ে ১১ বছর ধরে পালাতক ছিলেন মো. ইব্রাহিম খলিল (৩২) নামে এক যুবক। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি।
অবশেষে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ। আসামি ইব্রাহিম খলিল ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের লাউয়ারী গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০০৯ সালে ইব্রাহিমকে একটি যৌতুক মামলায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত।
সেই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সাজা দেওয়া হয়। কিন্তু সে সময় থেকেই আত্মগোপন করেন আসামি ইব্রাহিম।
সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু কয়েক দফা অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। গোপন সূত্রে তার বাড়ি ফেরার খবর পেয়ে অবশেষে গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
