আলো ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিন জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট দাখিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ইউনিয়নের অগ্রভুলোট এলাকার ফজর আলী (৪০), আশরাফুল ইসলাম (২৮) ও রবিউল ইসলাম (৪০)।
তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, সকালে গোগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমানের (তবি মেম্বর) আনারস প্রতীকের নির্বাচনি কার্যালয়ে প্রতিপক্ষ প্রার্থীর (নৌকা) লোকজন হামলা চালায়। তারা নির্বাচনি অফিস ভাঙচুর করে।
ওই সময় বেশ সেখানে কয়েকটি বোমা বিস্ফোরণ ও গুলি ছোঁড়া হয়। এতে ফজরের হাতে ও আশরাফুলের উরুতে গুলি এবং রবিউলের শরীরে বোমার স্পিøন্টার লাগে। আহতরা জানান, তাদেরকে প্রথমে শার্শার বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ জানান, উরুতে আঘাতপ্রাপ্ত ব্যক্তির ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না।
অন্য দুই জনের অবস্থা শঙ্কামুক্ত। শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তবে, কোনও পক্ষ অভিযোগ দেয়নি।
