স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
গতকাল শুক্রবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি।
তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন বৃদ্ধ মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৭ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৯ জন। বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের তিনজন, নওগাঁর পাঁচজন, পাবনার একজন এবং কুষ্টিয়ার দুইজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬ জন। করোনা ধরা পড়েনি ভর্তি চারজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন।
এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চারজন রোগী। এদিকে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। ফলে এদিন করোনা সংক্রমণের হারও জানা যায়নি।
