মাহাবুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার দৈনিক রাজশাহীর আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহাবুর রহমান বাঘা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকসহ দেশ-বিদেশের গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
এক আবেগঘন বার্তায় তিনি বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি সত্য, ন্যায় ও নৈতিকতার এক শক্তিশালী কণ্ঠস্বর। সমাজের অসঙ্গতি, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভীকভাবে কলম ধরেন সাংবাদিকরা। তাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা জাতির বিবেককে জাগ্রত করে এবং একটি সুস্থ, সচেতন ও গণতান্ত্রিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে সত্য প্রকাশ করা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তবুও প্রকৃত সাংবাদিকরা কখনো পিছপা হন না। নানা ঝুঁকি, প্রতিবন্ধকতা ও প্রতিকূলতার মধ্যেও তারা সত্যের পথে অবিচল থেকে জনগণের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই দায়িত্ববোধই গণমাধ্যমকে জনগণের আস্থার স্থানে পরিণত করেছে।
তিনি বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। একটি সমাজ বা দেশের অগ্রগতি অনেকাংশেই নির্ভর করে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার ওপর।” এ সময় তিনি সকল সাংবাদিককে পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে তিনি বাঘা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকসহ দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে বাঘা মডেল প্রেসক্লাবের সকল সদস্যদের সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের কল্যাণে আরও সাহসী ও ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
