লিয়াকত হোসেন
রাজশাহী নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘু পাখির বাচ্চা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে স্টেডিয়ামের মেইন গেটের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাজুর ছেলে। তারা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার গ্রেটার রোড বন্ধ গেট মসজিদ বাকীর পেছনের একটি বাসায় ভাড়া থাকত।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকালে তেরখাদিয়া স্টেডিয়ামের মেইন গেটের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে থাকা বাসা থেকে ঘুঘু পাখির বাচ্চা নামাতে যায় সাজ্জাদ। এ সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে খুঁটি সংলগ্ন একটি বাড়ির টিন ও তারের সঙ্গে সে ঝুলতে থাকে। বেলা পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
রাজপাড়া থানা-পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
