ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পশ্চিমপাড়ায় শিক্ষকদের জন্য ১৫ কোটি টাকা ব্যয়ে ১০ তলা আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। এই ভবনের নির্মাণ মান নিয়ে দুই সংস্থা দুই রকম রিপোর্ট প্রদান করে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এই ভবনের কাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডি বলছে, এই ভবনের সব ঠিকঠাকই আছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এর সাবেক অথরাইজড কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ আমাদের প্রতিবেদককে বলেন,মানদন্ডের দিক থেকে রুয়েট অনেক এগিয়ে। তবে সরকারী দুই সংস্থার রিপোর্ট যেহেতু ভিন্ন,সেহেতু কর্তৃপক্ষ দুই দপ্তরকে একসঙ্গে নিয়ে বৈঠক করতে পারেন। আবার তৃতীয় কাউকে দিয়েও মতামত নিতে পারেন। রাবি প্রকৌশল শাখার আবেদনের পরিপ্রেক্ষিতে এই বৎসরের ২৬ শে জানুয়ারী রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ সিলিন্ডার পরীক্ষা করে। তাদের রিপোর্টে উল্লেখ করা হয় ভবনটির গড় স্ট্রেন্থ ১৫। দরপত্র অনুযায়ী স্ট্রেন্হ কমপক্ষে ২৫ হতে হবে। ফলে রাবি কর্তৃপক্ষ গত ১ লা ফেব্রুয়ারী ২০২৬ ইং আবারও হ্যামার পরীক্ষার জন্য রুয়েটের কাছে চিঠি পাঠায়। গত ২৩ শে ফেব্রুয়ারী ২০২৬ ইং রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ দ্বিতীয় দফা হ্যামার পরীক্ষার ফরাফল জমা দেয়। তাতে উল্লেখ করা হয়,এই ভবনটির গড় স্ট্রেন্হ ১৬। যা দরপএ মানদন্ড অনুযায়ী নয়। রুয়েটের এমন রিপোর্টের কারণে আগাম বিল দেওয়া বন্ধ করে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগ। আবারও এলজিইডির কাছ থেকে এই ভবনটির স্ট্রেন্হ রিপোর্ট পাওয়ার জন্য চিঠি দেয় রাবি প্রকৌশল শাখা। গত ২৯ শে এপ্রিল ২০২৬ ইং এলজিইডি যে রিপোর্ট দেয়, তাতে উল্লেখ করা হয় এই ভবনটির স্ট্রেন্হ ৩১। রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবদুল আলীম আমাদের প্রতিবেদক কে বলেন, আমরা নিয়ম মেনে পরীক্ষা করে রিপোর্ট প্রদান করেছি। রাবির প্রকৌশল শাখার লোকজনের উপস্থিতিতে দুই দফা নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে কিছু পার্থক্য আসতে পারে। এত পার্থক্য হওয়ার কথা নয়। এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা নিয়ম মেনে হ্যামার পরীক্ষা করেছি। অন্য কেউ পরীক্ষা করেছে কি না জানি না। প্রকল্প পরিচালক ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন-পরিকল্পনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক এস এম ওবায়দুল ইসলাম বলেন, তারা রুয়েট থেকে যখন পরীক্ষার জন্য এসেছিল,তখন আমাদের কেউ ছিল না। কীভাবে নমুনা সংগ্রহ করেছে, সেটি নিয়ে প্রশ্ন আছে।
