Screenshot
স্টাফ রিপোর্টার
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক সোহেল মাহবুবের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। একই সঙ্গে অনতিবিলম্বে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি প্রতিবাদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন।
সভায় বক্তারা বলেন, গত ১৬ জুন ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সভায় সোহেল মাহবুব রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের নিয়ে অশালীন, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তারা বলেন, দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে এ ধরনের বক্তব্য শুধু প্রেসক্লাব নয়, সমগ্র সাংবাদিক সমাজকে হেয় করার শামিল।
বক্তারা আরও বলেন, সোহেল মাহবুব যদি দ্রুত প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় নতুন সদস্য অনুমোদন, প্রেসক্লাববিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রেসক্লাব ভবনের সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা, প্রেসক্লাবের নামে ব্যাংক হিসাব খোলা এবং অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, আব্দুল সবুর ও শাহরিয়ার অন্ত, যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন ও মো. নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক জিএম হাসান-ই-সালাম বাবুল, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলী এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রেসক্লাবের ঐক্য, মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন্ন রাখতে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রেসক্লাবকে ঘিরে যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও মানহানিকর কর্মকা-ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন।
