Oplus_131072
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঘার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারেননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. শফিউল্লাহ সুলতান।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পের সুবিধাভোগীরা অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে সরকারি উদ্যোগ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষি ও গ্রামীণ উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
