বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী শাহ্ দৌলা সরকারি কলেজে মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা এবং স্নাতক (সম্মান) শ্রেণি কোর্স-২০২৬-এর শুভ সূচনা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ দৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক হানিফ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তাকে কলেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শাহ্ দৌলা সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফি, সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফিসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্নাতক (সম্মান) শ্রেণি কোর্স-২০২৬-এর শুভ সূচনা ঘোষণা, সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের উচ্চশিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে এবং কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
