স্টাফ রিপোর্টার
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা অবিলম্বে স্থানান্তরের উদ্যোগ বাতিল করে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় নগরীর হেতেমখাঁ এলাকায় নেসকোর প্রধান কার্যালয়ের সামনে ‘রাজশাহীবাসী’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের লিখিত বক্তব্য পাঠ করা হয়।
লিখিত বক্তব্যে মামুন অর রশিদ বলেন, “আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা অঞ্চলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না। রাজশাহীর ন্যায্য অধিকার, উন্নয়নের ধারাবাহিকতা এবং নেসকোর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার দাবিতেই আজ আমরা একত্রিত হয়েছি।”
তিনি বলেন, নেসকোর প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তর করা হলে রাজশাহীর প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্ষুণ্ন হবে। পাশাপাশি কর্মসংস্থান, আঞ্চলিক উন্নয়ন এবং উত্তরাঞ্চলের বিদ্যুৎ সেবার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাজশাহীর মানুষ অতিরিক্ত কোনো সুবিধা চায় না। আমরা শুধু দীর্ঘদিনের অর্জিত অবস্থান ও ন্যায্য অধিকার অক্ষুণ্ন রাখতে চাই। তাই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখা হোক এবং স্থানান্তরের সব ধরনের উদ্যোগ অবিলম্বে প্রত্যাহার করা হোক।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল মিটার চালুর পর নেসকোর অনেক কর্মী কর্মহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে রাজশাহীর মতো শিল্পবিহীন অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়া হলে কর্মসংস্থানের সংকট আরও প্রকট হবে এবং স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
তারা আরও বলেন, সরকারের পক্ষ থেকে এ দাবি উপেক্ষা করা হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে পাঁচ মিনিটের প্রতীকী হরতালসহ কঠোর আন্দোলনের পথেও যেতে প্রস্তুত রয়েছেন তারা।
মানববন্ধন শেষে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা নেসকোর প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) আফাজ উদ্দিনের হাতে একটি স্মারকলিপি জমা দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল হুদা, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জাতীয়তাবাদী নেসকো বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি, যুবদলের মহানগর আহ্বায়ক মজিবুল হক মিলন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিব, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
