গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে ওয়াসা (চায়না) পানি প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে এর সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিশুদ্ধ পানি সরবরাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসেবামূলক উদ্যোগ। স্থানীয় জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনা করা প্রয়োজন। এজন্য সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয়, যোগাযোগ এবং দায়িত্বশীলতার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, প্রয়োজন হলে স্থানীয়ভাবে সৎ, দক্ষ ও দায়িত্বশীল জনবল প্রদানে সর্বাত্মক সহযোগিতা করা হবে, যাতে প্রকল্পের কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী উপজেলা আমীর মাস্টার নোমান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান আশা প্রকাশ করেন, জনস্বার্থে বাস্তবায়িত এ পানি প্রকল্প সফলভাবে পরিচালিত হলে গোদাগাড়ী উপজেলার মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা আরও সহজে পাবে। তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্পের সফল বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
