গোদাগাড়ী প্রতিনিধি
উন্নত রাজশাহী-১ গঠনে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা প্রধান অতিথি এমপি মাহমুদা হাবীবা, বিশেষ অতিথি নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলাকে আরও আধুনিক, উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “জনকল্যাণের লক্ষ্য একটাই-উন্নত রাজশাহী-১” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় এলাকার উন্নয়ন, জনসেবা, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসন-১৩ এর মাননীয় সংসদ সদস্য জনাবা মাহমুদা হাবীবা। তিনি বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় এবং জবাবদিহিতামূলক কর্মকা- অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন। তিনি বলেন, একটি উন্নত রাজশাহী-১ গড়ে তুলতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সেবার মান উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বৃদ্ধি, নাগরিক সেবার সহজীকরণ এবং জনভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতামত বিনিময় করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের দক্ষতা ও আন্তরিকতা আরও বাড়াতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে টেকসই উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে রাজশাহী-১ আসনকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে উন্নত রাজশাহী-১ গঠনে পারস্পরিক সহযোগিতা, সমন্বিত উদ্যোগ এবং জনকল্যাণমুখী কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
