তথ্যবিবরণী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) বলেছেন, সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে সারাদেশের শিল্পী, সাহিত্যিক ও কবিদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর মাধ্যমে ঢাকা থেকেই দেশের যেকোনো প্রান্তের শিল্পীদের কাজ ও পরিচয় সম্পর্কে জানা সম্ভব হবে।
বুধবার (১২ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার সাংস্কৃতিককর্মী, সাংস্কৃতিক সংগঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিমকালে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি চর্চার বর্তমান অবস্থা তুলে ধরে মহাপরিচালক বলেন, গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়া অপসংস্কৃতি রোধে সুস্থ সংস্কৃতির বিকাশ জরুরি। এই লক্ষ্যে যাত্রাপালাকে আধুনিক অপেরার আদলে গড়ে তোলা এবং নাটক ও পুতুলনাচকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার জন্য কাজ চলছে । এছাড়া বিদেশের সঙ্গে ৪২টি দেশের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি থাকায় স্থানীয় শিল্পীদের আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়ার সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, একাডেমির মোট ১০৪ কোটি টাকা বাজেটের মধ্যে ৭২ কোটি টাকা বেতন খাতে ব্যয় হয়, ফলে জেলা পর্যায়ে বড় বরাদ্দের ক্ষেত্রে কিছুটা অর্থনৈতিক সংকট রয়েছে। তবে এই সীমাবদ্ধতার মধ্যেও গুণী শিল্পীদের যথাযথ সম্মান প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। গত দুই বছর বন্ধ থাকলেও এ বছর প্রতিটি জেলায় যোগ্য শিল্পী ও সংস্কৃতিক ব্যক্তিদের শিল্পকলা পদক ও সম্মাননা প্রদান করা হবে। ইতোমধ্যে নওগাঁয় এই কার্যক্রম শুরু হয়েছে এবং রাজশাহীতেও দ্রুত কমিটি গঠন করে যোগ্যদের পুরস্কৃত করা হবে বলে তিনি জানান।
প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে মহাপরিচালক বলেন, জেলা পর্যায়ে উপপরিচালক এবং বিভাগীয় পর্যায়ে পরিচালক নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার জন্য আইন ও প্রবিধানমালা সংস্কার করা হচ্ছে। এছাড়াও রাজশাহী শিল্পকলা একাডেমির মিলনায়তন সংস্কার এবং উইপোকা দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দেরও আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, আমি নিজেকে মূলত একজন ‘কবি’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অনুষ্ঠানের শেষে তিনি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মো: ফারুকুর রহমান ফয়সল, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন, নৃত্য পরিচালক হাসিব পান্না, রাজশাহী মহানগর জাসসের সদস্য সচিব মো. সেলিম রেজাসহ জেলার সাংস্কৃতিককর্মী, সাংস্কৃতিক সংগঠক, লেখক, কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন।
