গোদাগাড়ী প্রতিনিধি, মোঃ আতিকুর রহমান
রাজশাহীর তানোর উপজেলার ০১ নং কলমা ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ বারীগ্রাম গ্রামে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় কার্যালয়ে এক বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রাতে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী ও দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দলীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তের দল হঠাৎ বারীগ্রামের বিএনপি পার্টি অফিসের সামনে এসে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেলের বিকট শব্দে সমগ্র এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েন। ককটেল বিস্ফোরণের পরপরই সন্ত্রাসীরা পার্টি অফিসের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং অফিসটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ এগিয়ে আসেন এবং বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে কার্যালয়ে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ দলীয় নথি ও ব্যানার-ফেস্টুন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, এলাকাকে অস্থিতিশীল করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই আওয়ামী অপশক্তি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশে রাজনৈতিক কার্যালয়ে ককটেল হামলা ও অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাশত করা যায় না।
দলীয় নেতৃবৃন্দ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানিয়ে বলেন, কালবিলম্ব না করে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত প্রতিটি সন্ত্রাসীকে চিহ্নিত করতে হবে এবং কঠোর আইনগত ব্যবস্থার আওতায় আনতে হবে। দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। জঘন্য এই অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
