বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় একটি বাড়িতে দিনের বেলায় চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে বাঘা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর আলী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া দুইটি স্বর্ণের বালা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঘা থানাধীন এলাকায় এক পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দিনের বেলায় চোরেরা ঘরে প্রবেশ করে। এ সময় তারা চারটি হাতের স্বর্ণের বালা, একটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বাঘা থানায় পেনাল কোডের ৪৫৪/৩৮০/৩৪ ধারায় মামলা করেন। মামলাটি ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঘা থানায় মামলা নম্বর-৪ হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলার তদন্তভার গ্রহণ করেন বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম। পরবর্তীতে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের সার্বিক দিকনির্দেশনায় এসআই মহিদুল ইসলাম, এসআই রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
দীর্ঘ তদন্ত ও প্রযুক্তির সহায়তায় গত ২৪ সেপ্টেম্বর নাটোর জেলার লালপুর থানাধীন বেরিলাবাড়ি এলাকার রামপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাগর আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আকবর আলীর ছেলে।
গ্রেপ্তারের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তার নিজ হাতে বের করে দেওয়া মতে চুরির ঘটনায় খোয়া যাওয়া দুইটি স্বর্ণের বালা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক গণমাধ্যমকে বলেন, অপরাধী যতই সূক্ষ¥ভাবে অপরাধ সংঘটনের চেষ্টা করুক না কেন, অপরাধের সময় তারা কোনো না কোনো আলামত বা ছাপ রেখে যায়। বাঘা থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
