আলো ডেস্ক: নাটোর সদর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বিনার ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
গতকাল শুক্রবার সকালে উপজেলার লালমনিপুর ডাঙ্গাপাড়া বাজারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।
এ সময় এসিডে ঝলসে যাওয়া সানজিদার বাবা নুরুল ইসলাম সন্ত্রাসীদের কঠোর শাস্তি দাবি করেন। রাজশাহী সিটি কলেজের একজন মেধাবী শিক্ষার্থী বিনা।
চলতি বছর সে এইচএসসি পরীক্ষা দেবে। নিজ বাড়িতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বিনা। গত ২১ নভেম্বর সন্ধ্যায় জেলা শহর থেকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরে বিনা।
বাড়িতে ঢোকার মুহূর্তে কয়েকজন যুবক আচমকা তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে বিনার চিৎকারে স্বজনসহ আশপাশের লোকজন ছুটে আসে। সেখান থেকে তাকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
