আলো ডেস্ক: উত্তরের জনপদ কুড়িগ্রামের রৌমারি উপজেলার ৩ ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ১৯ জন। সংরক্ষিত নারী আসনে ৫৩ জন ও সাধারণ সদস্য পদে ১২৭ জনসহ মোট ১৯৯ জন বিভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচনী সাজে সেজেছে রৌমারি উপজেলার ৫নং যাদুরচর ইউনিয়ন। যাদুরচরের প্রতিটি অলিগলি থেকে শুরু করে চায়ের দোকানে নির্বাচনী আমেজ। মহল্লায়, মহল্লায় চলছে আড্ডা।
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো. মোশারফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের হাতপাখায় আবদুল করিম, স্বতন্ত্র প্রার্থী জাইদুল ইসলাম-টেলিফোন, আমিনুল ইসলাম বাবলু – আনারস, শরবেশ আলী- ঘোড়া, আবদুর রহমান- মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জনমত জরিপে বর্তমান চেয়ারম্যান শরবেশ আলী ‘ঘোড়া প্রতীকে’ ও স্বতন্ত্র প্রার্থী জাইদুল ইসলাম ‘টেলিফোন প্রতীকে’ এগিয়ে রয়েছেন।স্বতন্ত্র প্রার্থী জাইদুল ইসলামকে টেলিফোন প্রতীক নিয়ে গণসংযোগ করতে দেখা যায়।
জাইদুল ইসলামের সঙ্গে নির্বাচন নিয়ে কথা বললে তিনি বলেন, নদী ভাঙন ঠেকানো, বাঁধের রাস্তা উঁচু করা, কাঁচা সড়ক কার্পেটিং, শিক্ষার সুব্যবস্থা, ছেলেমেয়েদের সুস্থ বিনোদনের জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন, চিকিৎসা সেবার উন্নয়নসহ সবার কর্মস্থান বৃদ্ধি ইত্যাদি তিনি তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছেন।
যা বন্যা কবলিত এই যাদুরচর ইউনিয়নের জনগণের মাঝে সাড়া ফেলেছে। তিনি বলেন, আমার যুগ উপযোগী চিন্তা ভাবনা এবং সুদূর প্রসারী পরিকল্পনা যাদুরচর ইউনিয়নের সব স্তরের মানুষের মুখে হাসি ফোটাবে ইনশাআল্লাহ।
