আলো ডেস্ক: হাসপাতালে ভর্তি প্রিয়জনকে দেখতে বরিশাল থেকে ঢাকায় পৌঁছেছিল এক পরিবারের চারজন, যাত্রাবাড়ীর মাতুয়াইলে অটোরিকশায় বাসের ধাক্কায় ঝরে গেছে তিনজনের প্রাণ।
গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি মো. মাযহারুল ইসলাম জানান। নিহতরা হলেন, বরিশাল উজিরপুরের আবদুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন (৩৮), তার স্বামী রিয়াজুল (৪৮)। শারমিনের মেয়ে মিষ্টি (১১) এবং অটোরিকশার চালকও এ ঘটনায় আহত হয়েছেন।
আব্দুর রহমানের ছেলে তানভীর আহমেদ ঢাকায় ব্যবসা করেন, মাতুয়াইলেই তার বাসা। তিনি জানান, তার মা মহাখালীর ক্যান্সার হাসপাতালে ভর্তি। তাকে দেখতে গ্রামের বাড়ি থেকে তার বাবা, বোন, ভগ্নিপতি ও তাদের মেয়ে ভোরে ঢাকা পৌঁছায়। সদরঘাটে নেমে অটোরিকশায় করে মাতুয়াইলে তার বাসায় যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েন।
ওসি বলেন, মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের সামনে অটোরিকশাটি রাস্তা ক্রস করে উত্তর পাশ থেকে দক্ষিণপাশে আসার মূহূর্তে কাঁচপুর থেকে ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়।
সকাল ৮টার দিকে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান। বাস নিয়ে চালক পালিয়ে গেছে জানিয়ে ওসি মাযহারুল ইসলাম বলেন, তাকে ধরার চেষ্টা চলছে।
