আলো ডেস্ক: সিলেটে ড্রেজার শ্রমিকের ইটের আঘাতে কুশিয়ারা নদীতে নিখোঁজ জেলে আবদুল হাসিবের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাতে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে লীপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদীতে মাছ শিকারে যান আবদুল হাসিব। রাত ৯টার দিকে ড্রেজার শ্রমিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এমন সময় ড্রেজার শ্রমিকরা তাদের নৌকা লক্ষ্য করে ইট পাথর দিয়ে ঢিল ছোড়েন। একটি ইট আবদুল হাসিবের মাথায় এসে লাগলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। রাতভর স্থানীয় লোকজন ও পুলিশ কুশিয়ারা নদীতে নিখোঁজ ব্যক্তির সন্ধান করেন। এ ছাড়া ঘটনায় জড়িত ৮ ড্রেজার শ্রমিককে আটক করে স্থানীয়রা পুলিশে সৌপর্দ করেন।
গতকাল শুক্রবার সকালে আবদুল হাসিবের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। পেশায় মৎসজীবী ২ সন্তানের জনক নিহত আবদুল হাসিব বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খসির কোনাপাড়া গ্রামের ইসমাইল আলীর ছেলে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, গত বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির জেরে ড্রেজার শ্রমিকরা ইট-পাথর দিয়ে দিয়ে ঢিল মারেন। এতে ২ জেলে আহত হন। তাদের মধ্যে আবদুল হাসিব কুশিয়ারা নদীতে পড়ে নিখোঁজ ছিলেন।
গতকাল শুক্রবার সকালে তার লাশ নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূরসহ স্থানীয় চেয়ারম্যান গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
