আলো ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার বতসোয়ানার নাগরিক লেসেডি মোলাপিসিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর এ আদেশ দেন। গত ২৪ জানুয়ারি এ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সেই রিমান্ড শেষে গতকাল শুক্রবার লেসেডি মোলাপিসিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই জাহাঙ্গীর আলম।
তার পক্ষে দুজন আইনজীবী ওকালতনামা দিয়ে জামিনের প্রার্থনা করেন। আদালত আইনজীবীর বিষয়টি সমাধানের জন্য আইনজীবী সমিতিতে পাঠান। আর লেসেডি মোলাপিসিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৩ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেসেডি মোলাপিসিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালে সব পয়েন্টে কঠোর নজরদারি রাখা হয়।
ওই যাত্রী দোহা থেকে কাতার এয়ারলাইন্সযোগে বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাকে আটক দেখানো হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
