আলো ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে ছামিরন বেওয়া (৫৫) নামে এক নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের লাউচাপড়ার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ছামিরন মৃত নেহাল মিয়ার স্ত্রী। তাদের কোনো সন্তান নেই। ভূমিহীন হওয়ায় প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর বরাদ্দ পেয়েছিলেন তিনি। বকশীগঞ্জে থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, ধারণা করা হচ্ছে, রাতে এক বা একাধিক দুর্বৃত্ত ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে দেহের বিভিন্ন জায়গায় আঘাত করলে ঘটনাস্থলেই ছামিরন মারা যান। পরে পেছনের জানালা কেটে পালিয়ে যান তারা। ভোরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
