আলো সা রা দে শ ডেস্ক: ফেনীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২ জন। বুধবার রাতে শহরতলীর বারাহিপুর লেভেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে।
ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন বারাহিপুর লেভেলক্রসিংয়ে পৌঁছলে একটি পিকআপ ভ্যান লাইনের ওপর উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক আবদুল হালিম (৪৫) নিহত হন। দুর্ঘটনায় পিকআপের দুই যাত্রী আহত হন। আহতদের প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে জিআরপি থানায় মামলা করা হয়েছে।
লেভেলক্রসিংয়ে ওই সময় একজন গেট ম্যান দায়িত্বে ছিলেন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে? এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে।
