আলো সা রা দে শ ডেস্ক: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ভাইটকান্দি পূর্বপাড়া গ্রামে যৌতুকের জন্য নির্যাতন করে সুফিয়া বেগম (২১) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে স্বামী আবু সাঈদ বাবুকে আটক করেছে পুলিশ। নিহত সুফিয়া শেরপুরের নকলা উপজেলার দরিতেঘড়ি গ্রামের জহির উদ্দিনের মেয়ে।
অপরদিকে আবু সাঈদ ফুলপুর উপজেলার ভাইটকান্দি পূর্বপাড়া গ্রামের বদরুল আমিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বছর আগে আবু সাঈদের সঙ্গে সুফিয়া বেগমের বিয়ে হয়।
তাদের ৮ মাসের এক শিশু ছেলে রয়েছে। ঘটনার দিন বিকেলে যৌতুকের জন্য নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে আবু সাঈদ স্ত্রীকে মারধর করেন। এতে সুফিয়া গুরুতর অসুস্থ হলে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ বিষয়টি জানতে পেরে হাসপাতাল থেকে সুফিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযান চালিয়ে রাতেই আবু সাঈদ বাবুকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি (তদন্ত) আবদুল মোতালেব চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
