আলো ডেস্ক: (পলাশবাড়ী, গাইবান্ধা) : গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মধ্যবর্তী সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবীতে সাকোয়া ব্রীজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চে’র উদ্যোগে বিক্ষোভ ও এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় ঢোলভাঙ্গা বাসষ্ট্যান্ডে সাকোয়া ব্রীজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষ, জাসদ জেলা সভাপতি গোলাম মারুফ মনা, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মৃদুল কান্তি, মানবাধিকারকর্মী অঞ্জলি রানী দেবী, বীর মুক্তিযোদ্ধা সাকোয়াত হাসেন, সিপিবি পলাশবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু, সহ-সাধারণ সম্পাদক কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খান সুজন, আল আশিক চৌধুরী লিখন ও চঞ্চল তালুকদার প্রমুখ। সমগ্র সমাবেশ পরিচালনা করেন ছাত্রনেতা আবদুল ওয়ারেছ মিয়া। বিক্ষোভ মিছিল চলাকালে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, গাইবান্ধা জেলা দেশের উন্নয়ন ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাহা একটি পকেট জেলা হিসেবে পরিণত। গাইবান্ধার ভূতপূর্ব ডিসি ড. আনোয়ারুল ইসলাম প্রস্তাবিত গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রীজ এলাকায় স্থাপনের দাবীসহ ইপিজেড বাস্তবায়ন পূর্বক গাইবান্ধা জেলাকে উন্নয়নের মূল স্রোত ধারায় ফিরিয়ে আনার আহবান জানান।
