আলো ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে কামাল শেখ (৩৭) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার ৭ নম্বর পলিপ্রায়াগপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামে বাড়ির পাশে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোজা মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, গত ৩/৪ বছর আগে ফরিদা আক্তার নামে এক নারীকে বিয়ের পর থেকে বিরামপুর এলাকায় বসবাস শুরু করেন। পারিবারিক কলহের কারণে গত ২৩ সেপ্টেম্বর তার স্ত্রী তাকে তালাক দেন। এর দুই দিন পর বাড়ির পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ তার লাশ উদ্ধার করে। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
